আগামী নির্বাচন হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন। প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না। কেউ কোনো ধরনের সুবিধা পাবে না এ নির্বাচনে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরো বলেন, ‘রাজনীতিবিদরা শিক্ষকদের সম্মান দিতে চান না। শুধু নির্বাচন এলেই তাদের পেছনে ঘোরেন।’ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।










