ব্রাহ্মণবাড়িয়ার বহুল কাঙ্ক্ষিত আখাউড়া থেকে আগরতলা ডুয়েলগেজ রেলপথে পরীক্ষামূলকভাবে একটি কনটেইনার ট্রেন চালানো হয়েছে। রেলপথটির নির্মাণকাজ শেষ হলেও এখনো এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গঙ্গাসাগর রেলস্টেশন থেকে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত কনটেইনার ট্রেনটি চালানো হয়।

২০১৮ সালের জুলাইয়ে আখাউড়ার গঙ্গাসাগর থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত ১২ দশমিক ২৪ কিলোমিটার আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারীসহ নানা কারণে দেড় বছর মেয়াদি এ প্রকল্পের কাজ শেষ হয় পাঁচ বছরেরও বেশি সময় নিয়ে। অবশ্য এখনো বাকি রয়েছে রেললাইন সংশ্লিষ্ট ইমিগ্রেশন, কাস্টমস ভবন এবং প্ল্যাটফর্মের কাজ।

আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ প্রকল্পের পরিচালক (বাংলাদেশ অংশ) মো. আবু জাফর মিয়া জানান, আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধনের পর চলবে পণ্য ও যাত্রীবাহী ট্রেন।

পরীক্ষামূলক ট্রেন চালানোর সময় উপস্থিত ছিলেন রেলপথ নির্মাণকারী ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি ম্যানেজার শরৎ শর্মাসহ আরো অনেকে।