সরকারের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু
ঢাকা’ আজ সোমবার (৫ আগস্ট)। সকাল থেকে এ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনার
প্রাঙ্গণে জড়ো হন অনেকে। কারফিউ উপেক্ষা করে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিতে গুলি, টিয়ারগ্যাস
ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে এক পথচারী গুলিবিদ্ধসহ আহত হন অন্তত ১০ জন।
সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
জড়ো হন বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকজন। এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ রাবার
বুলেট নিক্ষেপ করে। ছোড়া হয় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড। এতে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ
হয়ে যায়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি
সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের
দিকে যায়। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যেতে বলেন তারা। পরে
পুলিশ রাবার বুলেট ছুড়ে, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ
করে দেয়।
এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।










