গাইবান্ধায় একটি ভাড়া বাসা থেকে জেলা বিআরটিএ অফিসের লাইসেন্স সহকারী হৃদয় কুমারের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা শহরের দক্ষিণ ধানঘড়ার বিআরটিএ অফিসের নম্বর প্লেট রাখার একটি ভাড়া বাসার স্টোর রুম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

নিহত হৃদয় কুমার সিরাজগঞ্জ জেলার অমূল্য চন্দ্র রাজবংশীর ছেলে।

বিআরটিএ অফিসের সহকারী পরিচালক রবিউল ইসলাম জানান, দুপুরে নম্বর প্লেট নেয়ার জন্য ওই ভাড়া বাসায় যান হৃদয়। দীর্ঘ সময় পার হলেও অফিসে ফেরত যাননি তিনি। এ সময় তার মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে অন্য সহকর্মীরা ওই বাসায় গিয়ে রুমে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে গাইবান্ধা সদর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বণিক বার্তাকে বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।