রাজধানীর হাতিরঝিলে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে দুপুর ২টার সময় রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
পলাশ জুম্মার নামাজ শেষে রয়েল মিষ্টির দোকানের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে পলাশের মাথা লক্ষ্য করে গুলি করে। এরপর তারা পালিয়ে যায় বলে জানান পলাশের ভাই আল আমিন।
তিনি আরো বলেন, পলাশের মাথায় দুটি গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক । হাসপাতালে নেয়ার পরপরই তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনার পেছনে স্থানীয় সন্ত্রাসী কাইল্যা মাসুদের নাম উঠে এসেছে। অপরাধীদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে রামপুরা থানা পুলিশ ও ডিবির একাধিক টিম মাঠে নেমেছে।










