ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে হিয়ারিং ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার এবং একজনের বিরুদ্ধে প্রক্সি পরীক্ষায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার ঢাকার ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জানায়, মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে কে এম মোজাম্মেল হককে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড ও একদিনের কারাদণ্ড দেয়া হয়। একই ধারায় ইলেকট্রনিক হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে ৫০ টাকা অর্থদণ্ড ও তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ ছাড়া অপর এক পরীক্ষার্থী মো. মিজানুর রহমানের পরিবর্তে ফারুক মণ্ডল নামের অন্য একজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মণ্ডলকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ টাকা অর্থদণ্ড ও একদিনের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জানায়, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। একই সঙ্গে অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।










