গাড়ির চাপায় রাস্তার পাশে পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার আরো ২ সহপাঠী। গুরুতর আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ শহরের ৩০০ ফুট সড়কে (কুড়িল-কাঞ্চন সড়ক) এ দুর্ঘটনা ঘটে৷
নিহত মুহতাসিম মাসুদ (২২) ফরিদপুরের আলফাডাঙ্গার মাসুদ মিয়ার ছেলে৷ তিনি বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত ২ জনও একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র৷
আহত মেহেদী হাসান খান (২২) কুমিল্লা সদরের মফিজুর রহমান খানের ছেলে এবং অমিত সাহা ময়মনসিংহের মুক্তাগাছার তপন কুমার সাহার ছেলে। তারা দুজন ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ৷
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার ও প্রাইভেট কারটি জব্দের কথা জানিয়েছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম৷
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মুবিন আল মামুন (২০), তার বন্ধু মো. মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী৷
পুলিশের একটি সূত্র জানিয়েছে, মুবিন আল মামুন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে এবং মুবিন প্রাইভেট কারটি চালাচ্ছিলেন৷
এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত শিক্ষার্থীর পিতা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রাত ৮টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন মুহতাসিম মাসুদ নামে ওই বুয়েট শিক্ষার্থী৷ তিনি তার দুই বন্ধুসহ রাতে ৩০০ ফিট সড়কে ঘুরতে বের হন৷ সেখানে নীলা মার্কেটে তারা রাতের খাবার খান৷ পরে বাসায় ফেরার সময় নীলা মার্কেটের অদূরে একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়৷ ভোররাত আনুমানিক ৩টার দিকে পুলিশ চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতির একটি গাড়ি পুলিশি চেকপোস্ট অতিক্রম করে বুয়েট শিক্ষার্থীদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই মারা যান বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ৷
এ ঘটনায় আহত বুয়েটের অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান বেসরকারি স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন৷
ঘটনার পর প্রাইভেটকার তল্লাশি করে এক ক্যান বিয়ার ও একটি খালি মদের বোতল পাওয়া গেছে বলেও পুলিশের একটি সূত্র জানিয়েছে৷
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ডোপ টেস্টের জন্য পাঠানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।










