গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের বন্ধ ঘোষণা করা ১৬টি কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নিয়ে এ অবরোধ সৃষ্টি করা হয়।
শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানায়, গত বৃহস্পতিবার থেকেই কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা আন্দোলন করছে। কিন্তু দাবি মেনে না নেয়ায় শনিবার আবারো বিক্ষোভ শুরু করেছেন তারা। শ্রমিকরা সকাল থেকেই চন্দ্রা-নবীনগর সড়কে কাঠের গুঁড়ি ফেলে, ময়লা আবর্জনা জ্বালিয়ে এবং সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিন্তু শ্রমিকরা তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব বলেন, শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেছে। চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।










