নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ৬ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপরও হামলা হয়। এ ঘটনায় কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর পনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তারাইল এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয়দের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার তারাইল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র পনির হোসেন ও তার ভাই শহিদুল ইসলামের সঙ্গে একই এলাকার আয়নাল হক ও সজিব মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আয়নাল হক, সজিব মিয়া, রবিউল ইসলাম, দুলাল মিয়াসহ ৭/৮জনকে বিরাব বাজারে পেয়ে কাউন্সিলর পনির হোসেন, তার ভাই শহিদুল ইসলাম ২০/২২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আয়নাল হক, সজিব মিয়া, রবিউল ইসলাম, দুলাল মিয়াসহ ৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে কাউন্সিলর পনির হেসেনে তাকে প্রাইভেটকার চালিয়ে চাপা দেয়ার চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আয়নাল হককে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইন্সপেক্টর মাহবুবসহ বাকিদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় রূপগঞ্জ থানায় তারাইল এলাকার সজিব মিয়া বাদী হয়ে ১৪ জনের নাম  উল্লেখ করে  ও রূপগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে পুলিশের কর্তৃব্যকাজে বাধা প্রদান করায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র হামলার ঘটনা শুনে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর পনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।