নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং টাইগার গ্রুপের ছয় সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছয়টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদের কিশোর গ্যাং টাইগার গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে আসছিল।
এ বিষয়ে গতকাল দুপুরে র্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলো বাবু, আশিক, মো. রাসেল, মেহেদী হাসান, মো. রাকিব ও মো. ইব্রাহীম।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা দুষ্কৃতকারী ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের ঘায়েল করার জন্য শক্তির মহড়া ও দাপট প্রদর্শন করে ঘটনাস্থলে ধারালো অস্ত্র নিয়ে একত্র হয়েছিল। তারা দীর্ঘদিন ধরে কাঁচপুর বাসস্ট্যান্ড ও এর আশপাশের এলাকায় পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১১ সিপিএসসির গোয়েন্দা টিম যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাংয়ের সদস্যদের দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।










