খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। সভাপতি থেকে পরিচালক মোট ২৪টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। এর মধ্যে নগর ও জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েক নেতাও রয়েছেন। সোমবার নির্বাচন বোর্ড বিজয়ীদের নাম ঘোষণা করে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আমিনুল হককে। এ নিয়ে তিনি টানা পঞ্চম বার খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পেলেন।

নির্বাচিত অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি পদে শরীফ আতিয়ার রহমান, সহসভাপতি পদে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মোস্তফা জেসান ভুট্টো।

এর আগে ৯ মে পরিচালকের ২৪টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫ পরিচালক হলেন উজ্জল কুমার গাঙ্গুলী, মোশাররফ হোসেন, আবুল হাসান, কাজী মাসুদুল ইসলাম, এমএ মতিন পান্না,  জেডএ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা,  সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মফিদুল ইসলাম টুটুল, এসএম ওবায়দুল্লাহ, অলিউর রহমান চৌধুরী, ইসলাম খান, শরীফ আতিয়ার রহমান, নিজারুল ইসলাম জুয়েল ও সিরাজুল হক।

বাণিজ্যিক গ্রুপে পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন কাজী আমিনুল হক, গোপী কৃষাণ মুন্ধড়া ও ঠাকুর মো. শাহ আলম।