আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সিগারেটসহ সব ধরনের তামাকপণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির সুপারিশ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন ২৬ সংসদ সদস্য।

আজ রোববার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংসদ সদস্য মোসা. ফরিদা ইয়াসমিন, সানসিলা জেবরিন, ফেরদৌসী আহমেদ, আরিফা সুলতানা ও নেওয়াজ হালিমা আরলী ২৬ সাংসদের পক্ষে স্বাক্ষরিত ডিও লেটার হস্তান্তর করেন।

ডিও লেটারে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকার মূল্য ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এছাড়া উচ্চ স্তরের সিগারেটের মূল্য ১৪০ টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য ২০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে প্রতি ১০ শলাকার প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব দেয়া হয়।

এ ছাড়া ফিল্টারবিহীন ২৫ শলাকার বিড়ির খুচরা মূল্য ৩০ টাকা, প্রতি ১০ গ্রাম জর্দার মূল্য ৬০ টাকা এবং প্রতি ১০ গ্রাম গুলের মূল্য ৩৫ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

ডিও লেটারে আরো বলা হয়, প্রস্তাবিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে আশা করা যায়, কেবল সিগারেট খাত থেকেই প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় হবে। একইসঙ্গে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় ৩ লাখ ৭২ হাজার তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। অর্থাৎ একদিকে রাজস্ব আয় বৃদ্ধি পাবে অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা হবে।