নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার ফ্লোরে বিকট শব্দ হয়ে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। এতে ওই কারখানার আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ছুটির দিন হওয়ায় এবং শ্রমিকরা ছুটিতে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণে ওই কারখানার একটি দেয়াল ভেঙে সড়কের ওপর গিয়ে পড়ে।
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের উপপরিচালক আলমগীর হোসেন জানান, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড নামের ওই কারখানায় বিস্ফোরণের পর আগুন লেগে যায়—এমন খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। বিস্ফোরণে সপ্তম ফ্লোরের পাকা দেয়াল ভেঙে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দের কারণে কারখানার নিচতলায় প্রধান গেটের দেয়াল ভেঙে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর পড়ে। দ্রুত আগুন নেভানোর কারণে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিস্ফোরণে থেকে আগুনের সূত্রপাত হলেও বিস্ফোরণের কারণ খুঁজে পাওয়া যায়নি।
কারখানার শ্রমিক আলামিন, ইয়াসমিন, মনির হোসেন, কামাল মিয়াসহ আরো কয়েকজন জানায়, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। সপ্তাহের শুক্রবার কারখানাটি বন্ধ থাকে। ফলে কোনো শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কারখানার ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, কারখানার সাত তলার ফ্লোরটি সুইং সেকশন। ওই ফ্লোরটির দরজা-জানালা বন্ধ ছিল। ফলে গ্যাস জমাট বেঁধে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কারখানায় শ্রমিক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শরফুউদ্দিন জানান, বিস্ফোরণের পর কারখানার দেয়াল এসে সড়কে পড়ায় স্থানীয়রা ভিড় করায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।









