নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকার ট্রাফিক পুলিশ বক্সের মাত্র একশ গজ দূরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুছা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ জেলার ভিটিহোগলা গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি একজন ড্রেজার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারেক পারভেজ জানান, সিলেটের শেরপুর থেকে নারায়ণগঞ্জে আজ (শনিবার) সকালে আসেন তিনি। ২নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে এলে তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আকাশ ওরফে পাগলা আকাশ নামে এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।