ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কোনো সহায়তা লাগবে কি না, তা জানতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছেন জোটের প্রতিনিধিরা। বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দু’জন গণতন্ত্র বিশেষজ্ঞ- মেট বেকেন এবং মাইকেল লিডর এতে অংশ নেবেন।

বৈঠকে তারা ইসির সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ, গুরুত্বপূর্ণ নির্বাচনি সংস্কার ও অগ্রাধিকার, নির্বাচনি সংস্কারে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার নিবন্ধন, রাজনৈতিক দল নিবন্ধন এবং আন্তর্জাতিক সহায়তা নিয়ে আলোচনা করবেন। ইসির উপসচিব মো. মিজানুর রহমানের জারি করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এদিকে বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে লেখা একটি চিঠিতে চলমান সহযোগিতা অব্যাহত ও নতুন অংশীদারত্ব তৈরির সম্ভাবনা অন্বেষণের প্রস্তাব দেন। তন্মধ্যে একটি সম্ভাব্য ব্যাপক অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়ও রয়েছে।