নারায়ণগঞ্জের সোনারগাঁয় পাঁচ বছরের শিশু সোয়াইব হোসেন হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ সাত বছর পর গতকাল দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা দণ্ডপ্রাপ্ত চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জসিম উদ্দিন, রাজু মিয়া ও ফজল হক এবং ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নাছির উদ্দিন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলায় রিনা, মোশারফ হোসেন, আবদুর রহিম ও আবদুস সালাম নামে চার আসামিকে খালাস দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁ এলাকায় শান্তিনগর দারুল নাজাত নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র সোয়াইব হোসেন নিখোঁজ হয়। ঘটনার ছয়দিন পর ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে সোয়াইব হোসেনের গলা কাটা ও শরীর ঝলসে দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সোয়াইবের বাবা নাজমুল হোসেন মাসুম ছেলেকে অপহরণের পর হত্যায় জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন, রাজু মিয়া, ফজল হক, জসিম উদ্দিন, সিরাসতালী, নাছির উদ্দিন, আলী আহাম্মদ ও রিনা বেগমসহ ১৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আসামি মোশারফ হোসেন, রাজু মিয়া, নাছির উদ্দিন, ফজল মিয়া, সিরাসতালী ও আলী আহাম্মদসহ কয়েকজনকে গ্রেফতার করে। পরে আসামিরা শিশু সোয়াইবকে অপহরণের পর হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও প্রদান করে।
নিহত সোয়াইবের বাবা নাজমুল হোসেন রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া সব আসামির মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু আদালত তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করব, যাতে সব আসামির সাজা হয়।










