বাংলাদেশ জামায়াতে ইসলামী, জামায়াত আমির এবং দলের শীর্ষ নেতৃত্বকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার লক্ষ্যে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে জামায়াতের নিয়ন্ত্রণাধীন সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর ও বিভ্রান্তিকর পোস্ট দেয়া হয়েছে। এমন মন্তব্য জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট অত্যন্ত পরিকল্পিতভাবে কে বা কারা হ্যাক করেছে। জামায়াতের তথ্যপ্রযুক্তি দল এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। কারা এ কাজটি করেছে সেটি জানার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘এই ঘটনার পরপরই একটি গোষ্ঠী তাৎক্ষণিকভাবে কিছু কর্মসূচি ঘোষণা করেছে, যা আমাদের গভীর সন্দেহকে আরো জোরালো করে। আমরা মনে করছি, এর সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সাইবার টিম বা সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারী চক্র জড়িত থাকতে পারে। জামায়াত আমিরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি আমরা এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি এবং এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতি দিয়েছি। এ ঘটনায় রাতেই আমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমাদের সাইবার সিকিউরিটি টিম পুরো বিষয়টি তদন্ত করছে। আইনি পদক্ষেপসহ সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব।‘

জামায়াত আমিরসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার এক চরম ও ন্যক্কারজনক অপপ্রয়াস হিসেবে এ ঘটনাকে আখ্যা দিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জামায়াতে ইসলামীর অবস্থান অত্যন্ত স্পষ্ট— নারী সমাজ, দেশ, দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রতি আমাদের শ্রদ্ধা প্রশ্নাতীত। জামায়াত আমির বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্ট ও সাবলীলভাবে বারবার তুলে ধরেছেন। এসব কারণেই একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ ও সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি।‘

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা ও জাতীয় নির্বাচন কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল ৩১ জানুয়ারি বিকাল ৪টার দিকে আমীরে জামায়াতের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে সর্বশেষ স্বাভাবিক পোস্ট দেখা যায়। এরপর বিকাল ৪টা ৫৫ মিনিটে আমাদের দৃষ্টিগোচরে আসে যে, ৪টা ৩৭ মিনিটে উক্ত আইডিতে একটি অত্যন্ত আপত্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রদত্ত হয়েছে, যা আমাদের আদর্শ, চিন্তাধারা ও অবস্থানের সম্পূর্ণ বিপরীত। তখন উক্ত আইডি পরিচালনা টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা যাচাই করে আইডিটির হ্যাক হওয়ার বিষয়ে নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে আমাদের সাইবার সিকিউরিটি টিম পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করে এবং আল্লাহর রহমতে ৫টা ৯ মিনিটে উক্ত আইডির পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে তা সম্ভব হয়। পরবর্তীতে বিকাল ৫টা ২২ মিনিটে আমরা উক্ত টুইটার অ্যাকাউন্টে জরুরি ঘোষণার মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়।

তদন্তে দেখা গেছে, শুধু আমীরে জামায়াতের টুইটার (এক্স) অ্যাকাউন্ট নয়, একইসঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারী ডঃ শফিকুল ইসলাম মাসুদের ফেসবুক পেজও সাময়িকভাবে দখলে নেয়া হয়েছিল। রাত সাড়ে ৩টার দিকে আমরা থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি এবং সাংবাদিকদের বিস্তারিত জানাই।‘

আরো পড়ুন: 'নারীবিদ্বেষী পোস্টের ৯ ঘণ্টা পর সমালোচনার মুখে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক'