ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের
গুলিতে আইয়ুব নূর (৫০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। ওই সময় আহত হয়েছেন ১০ পুলিশ
সদস্য।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার
পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার
ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা আছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
তিনি বলেন, আদমপুর গ্রামের আইয়ুব নূরের
পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আইয়ুব নূরের নামে পাঁচটি, আর তার দুই
ছেলে আরিফ নূরের নামে পাঁচটি, তোফাজ্জলের নামে ১০টি পুলিশের ওপর হামলা ও মাদক মামলা
আছে। আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
ওসি আরো বলেন, আজ ভোরে এসআই সাঈদুল ইসলামের
নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে গ্রেফতার করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু
করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ
আরিফকে ছিনিয়ে যায়। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আহত
হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান আইয়ুব নূর।
অপরদিকে মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ
সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তুষার নামে একজন কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে
বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।










