গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘ন্যূনতম জাতীয় ঐকমত্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি। আর এ ভিত্তির ওপর দাঁড়িয়ে বিচার সংস্কার, নির্বাচন তার যে পথরেখা ফেব্রুয়ারির মধ্যে সেই পথরেখাকে সফল করতে হবে।’

গতকাল বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ ও মাথাল শোভাযাত্রায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সমাবেশের পর বর্ণাঢ্য এক মাথাল শোভাযাত্রা শাহবাগ, বাংলামোটর ও মগবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মাথাল গণসংহতি আন্দোলনের দলীয় প্রতীক। দলের নেতাকর্মীরা মাথায় মাথাল পরে, হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এক উৎসবমুখর শোভাযাত্রা করেন দল হিসেবে এক দশক পূর্তির এ আয়োজনে। এ সময় স্থানীয় জনগণও এ শোভাযাত্রায় সানন্দে অংশগ্রহণ করেন। সমাবেশ ও মাথাল শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও সারা দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা।