বাংলাদেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা নিয়ে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গেও আলোচনা করছে দেশটি।

বুধবার (১৪ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ তথ্য জানান। 

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের বিষয়ে, সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসানের পাশাপাশি জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছি।

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সুরক্ষা প্রসঙ্গে প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমরা সাম্প্রতিক সহিংসতার অবসানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বানকে স্বাগত জানাই।