বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ বলেছেন, অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেয়া হবে না।

সোমবার (৫ আগস্ট) এক বিবৃতিতে তারা এ কথা বলেন। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেয়া হবে না।

বিবৃতিতে আরো বলা হয়, সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।

সমন্বয়করা বলেন, শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।

আন্দোলনকারীদের উদ্দেশে তারা বলেন, চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।