গতদিনের বৃষ্টি ও ছুটির দিন হওয়ায় আজ শুক্রবার ঢাকার বাতাসের মান অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভালো। এদিন সকালে আন্তর্জাতিক বায়ুমান সূচকে ঢাকার পরিস্থিতি ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ সকালে বিশ্বে দূষিত শহরের তালিকায় ১২তম অবস্থানে থাকা বাংলাদেশের ঢাকার স্কোর ৯৭, যা মাঝারি হিসেবে গণ্য করা হয়। গতকাল বৃহস্পতিবার শহরটির বায়ুমানের স্কোর ছিল ১৬৭।

এ তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এ শহরের বায়ুমানের স্কোর ১৭৫, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা কঙ্গোর কিনসাসার বাতাস অস্বাস্থ্যকর। এ শহরের স্কোর ১৬৫। তারপরের অবস্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্কোর ১৫৩। ১৪০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল উগান্ডার কামপালা। এরপর ১১২ স্কোর নিয়ে পঞ্চম ভারতের কলকাতা, ১০৬ স্কোর নিয়ে ষষ্ঠ দক্ষিণ কোরিয়ার সিওল, ১০৫ স্কোর নিয়ে সপ্তম চীনের সাংহাই, ১০৩ স্কোর নিয়ে অষ্টম চীনের সেনজেন, একই স্কোর নিয়ে নবম দক্ষিণ কোরিয়ার ইনচিওন এবং দশম অবস্থানে রয়েছে বুসান।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।