কক্সবাজারে অবস্থান করছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। গতকাল বিকাল ৫টায় বিশেষ বিমানে করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে অভ্যর্থনা জানান, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। আজ ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী সকালে ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন। এরপর রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়ি করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প-৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তিনি একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গার সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগাবেন। বিকালেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

এদিকে রাজকুমারীর আগমনকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে সাজসাজ রব পড়ে গেছে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের রাস্তার মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে।

এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ আর্মড পুলিশের অধিনায়ক নাঈমুল হক জানান, রাজকুমারীর আগমন ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকবে। তাদের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে ৭২ ঘণ্টা আগে থেকে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।