লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগ কর্মীর ওপর হামলার ঘটনায় বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার শিকার ছাত্রলীগ কর্মী মো. শাকিলের বাবা আবদুর রব বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১৫০ জনের বিরুদ্ধে রামগতি থানায় এ মামলা করেন।

গতকাল বিকালে রামগতি থানার ওসি আলমগীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। তবে আসামির নাম-পরিচয় জানাননি তিনি।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা-কর্মীদের হামলায় ছাত্রলীগ কর্মীসহ সাতজন আহত হন। উপজেলা যুবদলের আহ্বায়ক জমির উদ্দিন মাস্টারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ।

আহতরা হলেন ছাত্রলীগ কর্মী মো. শাকিল, তার বাবা আবদুর রব, ভাই মো. উজ্জ্বল, মো. ইয়াসিন, মো. হাসান ও বোন বিবি রাবেয়াসহ সাতজন। শাকিল ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াখালীতে দলীয় কর্মসূচি শেষে বিএনপি নেতাকর্মীরা রামদয়াল বাজার এলাকায় আসেন। এরপর বিএনপির লোকজনের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছাত্রলীগ কর্মীসহ সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।