সমুদ্রগামী জাহাজ থেকে বিদেশে পালিয়ে যাওয়া ১৯ জন বাংলাদেশী নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নৌ পরিবহন অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌপরিবহন অধিপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ১৩টি বিদেশগামী জাহাজ থেকে ১৯ জন নাবিক বিভিন্ন সময়ে বিদেশী বন্দরে নোঙ্গর করা অবস্থায় জাহাজ থেকে নেমে গেলেও তারা আর জাহাজে ফিরে আসেননি। পলাতকদের মধ্যে কেউ কেউ বাংলাদেশী মালিকানাধীন এবং কেউ কেউ বিদেশী মালিকানাধীন জাহাজ থেকে পালিয়েছেন।
পলাতক নাবিকদের বিরুদ্ধে নৌ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদেরকে খুঁজে বের করতে সবার সহযোগিতা কামনা করেছে নৌ পরিবহন অধিদপ্তর।
নৌ পরিবহন অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় জড়িত নাবিকদের গ্যারান্টরদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
পলাতক ১৯ জন নাবিকের মধ্যে চট্টগ্রাম থেকে মোস্তফা কামাল, মো. সানা উল্লাহ, মোহাম্মদ মিজানুর রহমান, মো. ইমরুল হোসেন এবং মোহাম্মদ ইব্রাহিম; নোয়াখালী থেকে ইস্কান্দর মিজি, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মোহাম্মদ শেখ আলম, মো. মেহেদী হাসান এবং মো. ইমাম হোসেন; ফেনী থেকে আবু সুফিয়ান এবং আমিনুল ইসলাম; কিশোরগঞ্জ থেকে মো. সোহানুর রহমান; নাটোর থেকে মো. আরিফুল ইসলাম; দিনাজপুর থেকে মো. আব্দুল কুদ্দুস; ব্রাহ্মণবাড়িয়া থেকে ওপি হোসেন; মুন্সিগঞ্জ থেকে মো. রফিকুল ইসলাম; জামালপুর থেকে মো. আল আমিন এবং নেত্রকোনা থেকে এনামুল হক রয়েছেন।










