বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য সেটি আগে সংসদে পাস হওয়া লাগবে, আর তার জন্য লাগবে নির্বাচিত সংসদ। কারণ সংসদ ছাড়া সংবিধানে বিদ্যমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে সেটি পরিবর্তন সম্ভব নয়।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এ কথাগুলো বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দলের ‘জাতীয় উদ্‌যাপন কমিটির’ সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

নজরুল ইসলাম খান বলেন, ‘পিআর পদ্ধতিতে যে রাজনৈতিক দলগুলো রাজি নয়, তারা রাজি হলেও আসন্ন নির্বাচনে এটা বাস্তবায়ন সম্ভব নয়।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত তো এ বিধান কার্যকর করতে পারবেন না। আর সংবিধান সংশোধন করার ক্ষমতা তো সংসদের।’ সুতরাং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হলে এ নির্বাচনের পরে সংসদের মাধ্যমে করতে হবে বলে মন্তব্য করেন তিনি।