জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেয়া রায়কে ‘স্বৈরশাসনকে সমাধিস্থ করার ঘোষণা’ বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, আজকের রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়; বরং এ দেশের মাটিতে সব ধরনের স্বৈরাচারের সমাধিস্থ করার প্রতীকী ঘোষণা।’
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ট্রাইব্যুনালের রায়কে একটি মাইলফলক ও ভবিষ্যতের জন্য উদাহরণ বলে মন্তব্য করেছেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে, এ রায় একটি মাইলফলক। অপরাধ বিবেচনায় এ সাজা যথেষ্ট না হলেও আগামীতে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তার জন্য উদাহরণ হবে রায়টি।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখনো অনেকগুলো মামলার বিচারকাজ চলমান। আশা করি, সে মামলাগুলোয়ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, সবাই সুবিচার পাবেন। আজকের (গতকাল) এ রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত—ফ্যাসিস্ট ও স্বৈরাচার যতই শক্তিশালী হোক, যতদিনই ক্ষমতায় থাকুক, তাদের কোনো না কোনো একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে।’
বিএনপির এ নেতা আরো বলেন, ‘আগামীতে দেশের সব ক্ষেত্রে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। এর মাধ্যমেই একটি শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা সেই বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ। আগামীতে রাষ্ট্র সংস্কার করব। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা ও ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে। ভবিষ্যতে এ দেশের সবাই যেন ন্যায়বিচার পায় সেটির লড়াই চালিয়ে যাব।’










