ঢাকার বায়ুদূষণ কমছে না। সপ্তাহের তৃতীয় দিন আজ রোববারও বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। সকাল ৯টার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ১৯০। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। গতকাল এ সময় বায়ুর মান ছিল ১৯১।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।
একিউআই সূচক অনুযায়ী, বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে সেনেগালের ডাকার (১৯৪)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে উগান্ডার কাম্পালা (১৮২), চীনের উহান (১৮১) ও ভারতের দিল্লি (১৭৯)।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়।
১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।










