রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় পাঁচতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল সন্ধ্যায় ভবনটির পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনের হার্ডবোর্ড ও কর্কশিটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিট সোয়া ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটির নিচের তলাগুলোতে বেসরকারি প্রতিষ্ঠান ও আবাসিক ফ্ল্যাট রয়েছে। আগুন লাগার পর সবাই ভবন থেকে নিরাপদে বেরিয়ে আসেন।
অন্যদিকে রাজধানীর ওয়ারীতে পাস্তা ক্লাব নামে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন হোটেলের ক্যাশিয়ার শাহ আলম (৪৫), কর্মচারী ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২)। এছাড়া দগ্ধ হয়েছেন জসিম (২৮) ও কামরুল (২০)।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ইউসুফ শেখ নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘তৃতীয় তলায় হোটেলের রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে কম-বেশি অনেকে আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আহত ও দুজন দগ্ধ হয়েছেন।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. হারুন অর রশিদ জানান, বার্ন ইউনিটে কামরুল ও জসিম নামে দুজনকে নিয়ে আসা হয়েছে। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহতদের মধ্যে পাঁচজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’










