সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামে এক মাছ চাষীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের মাছের ঘেরে সেচ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণ পাড়ার আবুল খায়েরের ছেলে।

স্থানীয় বাসিন্দা রাহাত রাজা জানান, ফিরোজ হোসেন মাছের ঘেরে পানি সেচ দেয়ার জন্য শ্যালো টিউবওয়েলের মোটরে সুইচ দেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, তারা বিষয়টি শুনেছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।