গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকার বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আরো সাতজনের মৃত্যু হয়েছে। চাঁদপুর, সিলেট, দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ায় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
নেত্রকোনা: নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার আমলী কেশবপুর গ্রামের আইনুল হকের স্ত্রী নূর জাহান বেগম (৪৫), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৫), ছোট মেয়ে সুমাইয়া আক্তার ইতি (১০) ও অটোরিকশাচালক রেহান মিয়া (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌরসভার পারলা এলাকার আন্তঃজেলা বাসস্ট্যান্ড থেকে মহুয়া সার্ভিসের একটি বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাসপাই মোড়ে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে নিহত হন। পরে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে অটোরিকশাচালক মারা যান।
চাঁদপুর: চাঁদপুরের সদর উপজেলা ও হাজীগঞ্জে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মুরাগাঁও গ্রামের মিজিবাড়ির বিল্লাল হোসেন (৫৫) ও সদর উপজেলার গাছতলা এলাকার জোহা।
সিলেট: ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় গতকাল দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন যাতায়াত পরিবহনের বাসচালক সোহেল (৩০) ও তার সহকারী ইমন (২০)। চালক সোহেল নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের তাজুল ইসলামের ছেলে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
হিলি: দিনাজপুরের নবাবগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তানভীনা আক্তার লিজা মনি (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে। সেই সঙ্গে বাস জব্দ করে থানায় রাখা হয়েছে। লিজা মনি পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের গোলজার হোসেনের মেয়ে তিনি একজন শিক্ষার্থী ছিলেন।
গাইবান্ধা: পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার লোকমান হাকিম এ তথ্য নিশ্চিত করেন।
বগুড়া: শিবগঞ্জে আলুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আশরাফ আলী (৫৬)। তিনি বগুড়া শহরের মালতীনগর এলাকার আজিজারের ছেলে ও কুড়াহার দক্ষিণ পাড়ার বাসিন্দা।










