রাজধানীতে দ্রুতগতির একটি বাস সড়ক বিভাজক ভেঙে উল্টো দিক থেকে আসা আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

আজ সকালে প্রগতি সরণির নর্দ্দা নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা বিমানবন্দর-উত্তরা অভিমুখী ইসলাম পরিবহন নামের বাস বেপরোয়া গতিতে নর্দ্দা এলাকা পার হচ্ছিল। ওই সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের মাঝখানের বিভাজক ভেঙে বিপরীত লেনের গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসকে ধাক্কা দেয়।

এতে আকাশ পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বারিধারা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ইসলাম পরিবহনের চালক ও সহকারী পালিয়ে গেছেন। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটো সড়ক থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়।

ভাটারা থানার এসআই নেসার উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বণিক বার্তাকে বলেন, দুর্ঘটনাস্থলেই এক নারী মারা যান। এরপর কুর্মিটোলা হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন মারা গিয়েছেন।

তিনি আরো জানান, গুরুতর আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অল্প আহত আরো ১০-১২ জন চিকিৎসা নিচ্ছেন। আহতদের অনেকে প্রাইভেট ক্লিনিকেও চিকিৎসা নিয়েছেন। কতজন আহত হয়েছেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।