বরিশালে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে পণ্য বিক্রির দিনক্ষণের প্রচারণা না থাকায় ডিলার পয়েন্টগুলোতে ক্রেতার ভিড় কম।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে ডিলারদের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, ডিলারদের দোকানের সামনে কার্ডধারী ক্রেতার ভিড় ছিল খুবই কম। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টায় ১১নং ওয়ার্ডের একটি ডিলার পয়েন্টে টিসিবির পণ্য নিয়েছেন মাত্র ২৩ জন। অথচ এই সময়ে এর তিনগুণ পণ্য বিক্রি হত আগে।
এই ওয়ার্ডে টিসিবির পণ্য নিতে আসা ক্রেতা মাহমুদ হোসেন জানান, স্মার্টকার্ডের মাধ্যমে পণ্য বিক্রির সময় ওটিপি ব্যবহার করতে হচ্ছে। আর এ কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের অশিক্ষিত মানুষ। যারা কার্ড পেয়েছে তাদের অনেকেই আবার মোবাইল সঙ্গে না নেয়ায় সমস্যায় পড়েন। কারণ, এবার স্মার্টকার্ড হওয়ার কারণে সংশ্লিষ্ট মোবাইলে ওটিপি ব্যবহার হচ্ছে।
এদিকে যারা টিসিবির পণ্য পাচ্ছেন, তারা সন্তোষ প্রকাশ করছেন। আর যারা গত সরকারের আমলে পেয়েছেন কিন্তু এবার পাননি তারা জানান ক্ষোভের কথা।
বরিশালে ৩০ নং ওয়ার্ডে আওয়ামী লীগ আমলে ৯০ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছিল। সম্প্রতি যাচাই বাছাইতে দলীয়করণের প্রমাণ মেলে। ফলে যাচাই বাছাই শেষে ৩১ হাজার ২৭৪টি কার্ডে টিসিবি পণ্য দেয়া হচ্ছে।
টিসিবির কার্যক্রমে ৫ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি দেয়া হচ্ছে ৫৪০ টাকায়।










