চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে গর্ত থেকে শিশু মিসবাহকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের বিভাগীয় উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, ‘প্রায় ৪ ঘণ্টা শিশুটি গর্তে আটকে ছিল। গর্তের ভেতরে পানি থাকায় তার শরীরে পানি প্রবেশ করেছে। মূলত পানি ও অক্সিজেন সংকটের কারণেই শিশুটি মারা গেছে। আমরা গর্তের মধ্যে শিশুটির কাছে অক্সিজেন পাঠিয়েছিলাম। মূলত যারা এ নলকূপের কাজটি করেছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো না থাকায় এ ঘটনা ঘটেছে।’

হাসপাতালের চিকিৎসকরা বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনা হলে অক্সিজেন ও অন্য জরুরি সেবা দিই। তবে শিশুটি তাতে সাড়া দেয়নি। চেষ্ট করা হলেও তাকে বাঁচানোর মতো কোনো পরিস্থিতি ছিল না।’

এর আগে বেলা সাড়ে ৩টার সময় কদলপুরের দক্ষিণ জয়নগর গ্রামে তিন বছর বয়সী শিশু মিসবাহ নলকূপের গর্তে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করে।

এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীতে নলকূপের গভীর গর্তে পড়া শিশু সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় প্রায় ৩২ ঘণ্টা পর।