রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১১টা ৪১ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী হয় এ কম্পনে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর বলেন, বেলা ১১টা ৪১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এটি স্বল্পমাত্রার ভূমিকম্প হওয়ায় উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, সকাল ১১টা ৪২ মিনিটের দিকে ভূকম্পনটি অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।
সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের মির্জাপুর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পূবে। এছাড়া এটি ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখিপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূবে অবস্থিত ছিল।










