শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জালালাবাদ থানায় এই মামলা দায়ের করা হয় (মামলা নং-২৮/১৭৯)। মরদেহ এখনো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা দায়ের করেন শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম। 

এর আগে সোমবার শিক্ষার্থী খুনের ঘটনায় রাতে মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে শুরু হওয়া মিছিলগুলো ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবার গোলচত্ত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে রাত পৌনে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আগুন জ্বালিয়ে ঘণ্টাব্যাপী সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরবর্তীতে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের অনুরোধে তারা সড়ক থেকে সরে আসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। একাধিক টিম মাঠে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুব দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।