কক্সবাজার-সেন্ট মার্টিন নৌ-রুটে সরাসরি পর্যটকবাহী জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেসের চলাচল গতকাল শুরু হয়েছে। কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের বিআইডব্লিউটিএ ঘাট থেকে গতকাল সকাল সাড়ে ৭টায় যাত্রা করে বেলা ১টায় সেন্ট মার্টিনে পৌঁছে জাহাজটি। সেখানে দেড় ঘণ্টা বিরতির পর বেলা সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় জাহাজটি।

কক্সবাজার থেকে সরাসরি সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবি দীর্ঘদিনের। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের উদ্যোগ ও পরিচালনায় অবশেষে পর্যটকদের এ দাবি পূরণ হলো। অন্যদিকে ২৫ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে এ কোম্পানির আরেক বিলাসবহুল জাহাজ ‘এমভি বেওয়ান’। এটাও চলতি পর্যটন মৌসুমে চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে নিয়মিত চলাচল করবে। চট্টগ্রাম-সেন্ট মার্টিন নৌরুটেও সমুদ্রগামী বিলাসবহুল কোনো জাহাজের যাতায়াত এটাই প্রথম। 

কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ রশিদ জানান, এমভি কর্ণফুলী এক্সপ্রেসকে নিজস্ব ডকইয়ার্ডে একটি অত্যাধুনিক বিলাসবহুল পর্যটকবাহী জাহাজ হিসেবে প্রস্তুত করা হয়েছে। প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্য ও ১১ মিটার প্রশস্তের এ জাহাজটি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। ১৭টি ভিআইপি কেবিন সমৃদ্ধ এটি। নৌযানটিতে তিন ক্যাটাগরির প্রায় ৫০০ আসন রয়েছে। রয়েছে কনফারেন্স রুম, ডাইনিং স্পেস, সি ভিউ ব্যালকনিসহ আধুনিক সুযোগ-সুবিধা।