চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ছিটকে নিচে পড়ে গেছে। ওই গাড়ির নিচে চাপা পড়ে শফিক নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত চারজন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত শফিক চট্টগ্রাম বন্দরের কর্মচারী। তাদের ধারণা, প্রাইভেটকারটির অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
চট্টগ্রামের বন্দর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, বিকালে নগরীর পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পকেটে আইডি কার্ড দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবারই প্রথম নয়। চলতি মাসেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুইবার গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।










