খুলনা মহানগরীর দৌলতপুরের কারিগরপাড়া চৌধুরীর বিল এলাকা থেকে রিয়াজুল ইসলাম হৃদয় (১৮) নামের স্কুল ছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার হয়। নিহত হৃদয় খালিশপুর থানাধীন গোয়ালখালী ক্যাডেট মাদরাসা এলাকার বাসিন্দা মো. মশিয়ার রহমানের ছেলে। হৃদয় পড়াশোনার পাশাপাশি একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতো।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের আত্মীয়-স্বজন এসে লাশ রিয়াজুল ইসলাম হৃদয়ের বলে শনাক্ত করেন। হৃদয় গত ২৪ আগস্ট বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় খালিশপুর থানায় তারা সাধারণ ডায়েরি করেছিলেন।
তিনি আরও জানান, নিহত হৃদয়ের মাথা থেতলে দেয়া হয়েছে। শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়া হয়েছে। খুমেক হাসপাতালের মর্গে লাশের ময়না তদন্ত শনিবার সম্পন্ন করা হয়েছে।
নিহতের স্বজনদের দাবি, হৃদয়ের সাথে এলাকায় কারও কোন ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে সে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতো। সে কারণে কারো সাথে পূর্ব শত্রুতা তৈরি হতে পারে।









