বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে বেশ কিছু এলাকায়
ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে জনগণ। রাজধানীর মুদি
দোকানগুলোতে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া
ভিড়। আতঙ্কে ‘প্যানিক বায়িং’ করছেন ক্রেতারা। বেশ কয়েকদিনের বাজার
একসঙ্গে করে নিচ্ছেন তারা।
আজ রোববার
(৪ আগস্ট) দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন পালন করছে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে অসহযোগ আন্দোলনের
ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ হাসান। সেই সঙ্গে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন।
অন্যদিকে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে আজ নতুন কর্মসূচি পালন করছে আওয়ামী
লীগ। নতুন কর্মসূচি অনুসারে ঢাকাসহ সব মহানগরে নেতাকর্মীদের জমায়েতের পাশাপাশি সারা
দেশের ইউনিয়ন পর্যায়ে জমায়েত করার নির্দেশনা দিয়েছে দলটি।
আওয়ামী
লীগ সূত্রে জানা যায়, আজ সারা দেশের পাড়া-মহল্লায় প্রতিবাদ মিছিল
করবেন দলীয় নেতাকর্মীরা। আগামীকাল সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশনের সামনে শোকযাত্রা করবে দলটি।
এদিকে
চলমান কারফিউ ও দেশের সার্বিক পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে উঠেছেন অনেকেই। জীবনের নিরাপত্তা
এবং বাজারে পণ্য সংকটের আশঙ্কায় বেশ কয়েকদিনের বাজার একসঙ্গে করে নিচ্ছেন তারা। রাজধানীর
বিভিন্ন এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে গলির মুদি দোকানগুলোতে।










