প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘উপজাতি শিক্ষার্থীদের পাঠদান সহজ করতে বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। এ ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করব। যাতে করে শিশুরা দেখে দেখে শিখতে পারে। তবেই পাঠদান সহজ হবে।’
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ঠদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘উপজাতি শিক্ষক নিয়োগে কাঠামোগত সমস্যা আছে, এতে যোগ্য শিক্ষকেরও অভাব রয়েছে।’
তিনি আরো বলেন, ‘উপযুক্ত শিক্ষার অভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে। ফলে প্রাথমিকের শিক্ষকদেরও পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা শিবগঞ্জ উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।










