ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ পর্যন্ত ৭২ জনকে বহিষ্কার করল দলটি।
এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের আসনে প্রার্থী হওয়ায় প্রথমে নয়জনকে, পরে আরো চারজনকে বহিষ্কার করেছিল বিএনপি। বহিষ্কারাদেশে তাদের বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা বলা হয়েছে।
গতকাল রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর নামে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ জনকে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক বহিষ্কৃতদের মধ্যে রংপুর বিভাগে রয়েছেন তিনজন, রাজশাহী বিভাগে আট, খুলনা বিভাগে ছয়, বরিশাল বিভাগে দুজন; ঢাকা বিভাগে নয়, ময়মনসিংহ বিভাগে সাত, ফরিদপুর বিভাগে সাত; সিলেট বিভাগে পাঁচ, কুমিল্লা বিভাগে ছয় ও চট্টগ্রাম বিভাগে ছয়জন।










