ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি বলেছেন, ‘আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়ায় অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়।’ গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এদিকে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন তৌহিদ হোসেন। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকা রাশিয়ার সঙ্গে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প প্রতিষ্ঠা, গ্যাসক্ষেত্রে সক্রিয় সহযোগিতা ও বাণিজ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।’ তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ান ফেডারেশনের অকুণ্ঠ সমর্থনের কথাও স্মরণ করেন।