নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মোগড়াকুল এলাকার হাদিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ইয়াসিন মিয়া (১১) নামে এক ছাত্রকে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ) সকালে এ ঘটনা ঘটে। ইয়াসিন মিয়া উপজেলার উত্তর কায়েতপাড়া এলাকার কামাল মিয়ার ছেলে। ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে দুই শিক্ষক শিক্ষক রাশেদ ও আব্দুর রহিমকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
ছাত্রের বাবার অভিযোগ থেকে জানা যায়, শিক্ষকদের নির্দেশ অনুযায়ী মাদ্রাসার উন্নয়নকল্পে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে মাইকিং করে ছাত্ররা পথচারীদের কাছ থেকে দানের টাকা সংগ্রহ করে আসছিল। আজ সকালে মাইকিং শুরু করতে কিছুটা বিলম্ব হয়। পরে ইয়াসিন মিয়াকে শিক্ষক রাশেদের কক্ষে ডেকে নিয়ে বিলম্বের কারণ জানতে চাওয়া হয়। এক পর্যায়ে শিক্ষক রাশেদ ও আব্দুর রহিম মিলে হাত-পা বেঁধে ও মুখে কাপড় দিয়ে ইয়াসিনকে রড দিয়ে বেধড়ক মারধর করে। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান বলেন, এটা অমানবিক কাজ। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।










