ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয়ের হিসাব জমা না দেয়ায় ২১ প্রার্থীকে দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের আগামী ১৪ জুনের মধ্যে ব্যয়বিবরণী দাখিল করতে বলা হয়েছে। আজ রোববার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রার্থীদের পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদের রিটার্ন দাখিলের জন্য গত ৬ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। তা সত্ত্বেও যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই সময়ের মধ্যে ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, তাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি।

এতে আরো বলা হয়েছে, যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী গত ৬ মের মধ্যে ব্যয়ের রিটার্ন দাখিল করেনি, বিষয়টি তাদের অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া আগামী ১৫ জুনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করার জন্য বলা হয়েছে।

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেয়া প্রার্থীরা হলেন নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, রংপুর-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির মো. আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের গণ অধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) মো. আবদুল হালিম, নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াজ্জেম হোসেন, ভোলা-১ আসনে গণ অধিকার পরিষদের মো. আইনুর রহমান (জুয়েল) মিয়া, ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন ও আমজনতার দলের মো. আলা উদ্দিন। ভোলা-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আবু তৈয়ব ও জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, ভোলা-৪ আসনে এনডিএমের প্রার্থী আবুল কালাম ও আমজনতার দলের প্রার্থী মো. জালাল উদ্দীন রুমী। ময়মনসিংহ-৫ আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. রফিকুল ইসলাম, ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. লিটন, সুনামগঞ্জ-৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ, চাঁদপুর-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মো. এনামুল হক, চট্টগ্রাম-১২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম এবং বান্দরবান আসনের এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীন।