অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে কক্সবাজার শহরের পাঁচটি রেস্টুরেন্টকে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৫-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও বিএসটিআই-এর সমন্বয়ে একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কলাতলী রেস্টুরেন্টকে ২ লাখ, মেরিন ফুট রেস্টুরেন্টকে ২ লাখ, আল গণি রেস্টুরেন্টকে ২ লাখ, হট চিলি রেস্টুরেন্টকে ১ লাখ ও কক্স কুটুমবাড়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি, ওজনে কারচুপির অভিযোগে শহরের লিংকরোড এলাকার আঁখি স্টোর ও আপন ট্রেডিংকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন এসব তথ্য জানান।

তিনি জানান, সম্প্রতি লক্ষ্য করা গেছে, বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণ, নকল, নিষিদ্ধ সামগ্রী মজুদ, বিক্রি ও ওজনে কারচুপি করা এবং বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে। এগুলো ব্যবহার বা গ্রহণের ফলে মানুষ ক্ষতিগ্রস্থ ও অসুস্থ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১৫ ও বিএসটিআই-এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন, বিএসটিআই আইন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং হোটেল রেস্তোরাঁ আইন মোতাবেক সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।