নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে আফজাল হোসেন হৃদয় (২৮) নামে ছোট ভাই খুন হয়েছেন। নিহত আফজাল হোসেন হৃদয় উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

পূর্বধলার সদর ইউনিয়নের জামতলায় বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মাঝে বিবাদ চলছিল। আজ সকালে এ নিয়ে তর্কাতর্কিতে বিবাদ চরম পর্যায়ে পৌঁছে। এক পর্যায়ে বড় ভাই ইকবাল ছোট ভাই হৃদয়কে ধারালো ছুরি দিয়ে বুকে এবং কপালে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফজাল হোসেন হৃদয়ের স্ত্রী রুপা আক্তার বলেন, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি-জমা ভাগাভাগি করে দেয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড়ভাই অসন্তুষ্ট ছিলেন। শত্রুতা পোষণ করে গতকাল থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলেন। আমার স্বামীকে গতরাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু আজ সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করে তার বড় ভাই।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।