লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তাবিদ ও বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক বলেছেন, গণমাধ্যমকে দেশ-সমাজ-জাতি এবং বৈশ্বিক কল্যাণে সময়োপযোগী ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ‘ভিউজ বাংলাদেশ’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এ অধ্যাপক বলেন, ‘চিন্তার স্বাধীনতা আপেক্ষিক। শতভাগ স্বাধীনতা আশা করা কিংবা পাওয়া সম্ভব নয়, কোনো সরকারের পক্ষেই শতভাগ দেয়া সম্ভবও নয়। মানুষের স্বভাব নিয়ন্ত্রণেও চিন্তার স্বাধীনতা নিয়ন্ত্রণ কিছুটা প্রয়োজন। তবে ব্যাপকভাবে যতটা পারা যায়, এ স্বাধীনতা দিতে হবে।’

তিনি বলেন, ‘এ দেশে হাজারের ওপরে প্রচার মাধ্যম; কিন্তু সবাই সবসময় জনকল্যাণে কাজ করছে না। নিজেদের স্বার্থে কাজ করছে। বাণিজ্য রক্ষারও হাতিয়ার হয়ে উঠেছে গণমাধ্যমগুলো। এ সমস্যার সমাধান বা গণমাধ্যমগুলোর বৈপরীত্যের স্বভাবও মীমাংসা করতে হবে।’

‘রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বায়নের ধারণা ভুল’ মন্তব্য করে দেশের গণমাধ্যমগুলোকে রাষ্ট্রের স্বার্থে গুরুত্ব দিয়ে বিশ্বায়নের পথে এগোতে বলেন প্রবীণ এ শিক্ষাবিদ।

বেলা সাড়ে ১১টায় সম্পাদক রাশেদ মেহেদী অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

‘ভিউজ বাংলাদেশ’-এর বার্তা সম্পাদক মারিয়া সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম, নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, অর্থনীতিবিদ ও অধ্যাপক ড. এম এম আকাশ, গবেষক ও কলামিস্ট আফসান চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরশেদ, কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।