এক যুগ বন্ধ থাকার পর গাইবান্ধা রুটে
আবারো যুক্ত হচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন। আগামী ২৯ আগস্ট এই সার্ভিস চালুর কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫
(ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। সম্প্রতি তিনি বলেন, ‘এটা আমার
অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সে অনুযায়ী আগামী ২৯ আগস্ট ট্রেনটি পুনরায় চালু করার
কথা রয়েছে।’
আশা করা হচ্ছে, এদিন রেলমন্ত্রী নুরুল
ইসলাম সুজনের উপস্থিতিতে বোনারপাড়া স্টেশন থেকে রামসাগর এক্সপ্রেস যাত্রা করবে।
২০১০ সালের ১২ নভেম্বর চালু করা হয়
রামসাগর এক্সপ্রেস। পরের বছরের জুলাই মাসে বন্ধ হয়ে যায় এ ট্রেন সার্ভিস। ওই সময় গাইবান্ধার
বোনারপাড়া থেকে রংপুরের কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। তখন গাইবান্ধা
থেকে সাড়ে চার ঘণ্টায় দিনাজপুর পৌঁছে যেত।
ট্রেনটি চালুর পর গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া, গোবিন্দগঞ্জ, ফুলছড়িসহ রংপুর বিভাগের অন্যান্য জেলার বাসিন্দারা ট্রেনে নিয়মিত হয়েছিলেন। এছাড়া দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের অন্যতম বাহন ছিল এই ট্রেন।









