নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্র আরিফুর রহমান খোকন ওরফে আকাশ (১৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের জান্নাতি বেগম ওরফে শাবনূর (২১) ও তেঘরিয়া গ্রামের সিদ্দিক আলী (৫০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের পর আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল জানান, পাওনা বিশ হাজার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত আকাশের সঙ্গে আসামি শাবনুর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বছরের ১১ এপ্রিল হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাব এলাকায় ডেকে এনে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতনের পর আকাশকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা।
এই মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দশজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত দুজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
তিনি আরো জানান, মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়াতে তাদের বিষয়ে পরবর্তীতে সিদান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
নিহত আরিফুর হবিগঞ্জ সদরের দক্ষিণ তেঘরিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি স্থানীয় দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
রায়ে সন্তুষ্ট নয় বলে জানান আরিফুরের বাবা আব্দুল হেকিম। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন উল্লেখ করে তিনি বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আসামিরা। এই মামলায় তাদের ফাঁসির প্রত্যাশা করেছিলাম।










